তাঁদের চোখে সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী সালাউদ্দিন ও গোলাম সারোয়ার টিপু—দুজনের মতেই এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা দল জার্মানি l এএফপি
কাজী সালাউদ্দিন ও গোলাম সারোয়ার টিপু—দুজনের মতেই এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা দল জার্মানি l এএফপি

বাংলাদেশের সেরা দুই ফুটবল বিশ্লেষক শুরু থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন বিশ্বকাপের ম্যাচগুলো। প্রথম আলোর পাঠকদের জন্য করছেন বিশ্লেষণ। কাজী সালাউদ্দিন বেছে নিয়েছেন এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা দল, সেরা গোল, সেরা খেলোয়াড়, ফ্লপ, অঘটন। করেছেন দুটি সেমিফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী। মিলিয়ে দেখুন আপনার বিশ্লেষণের সঙ্গে

দল

জার্মানি। পুরোপুরি ভারসাম্যপূর্ণ দল। অন্য দলগুলোর কোনো না কোনো দুর্বলতা আছে। জার্মানির নেই। আগাগোড়া পেশাদার। মাঠে নামে জয়ের জন্য। জয় নিয়েই ফেরে। এবার ওদের খেলাটাও দেখতে ভালো লাগছে। আগের মতো যান্ত্রিক ফুটবল নয়। বল পায়ে রাখছে, প্রচুর পাস খেলছে। ধারাবাহিকতায়ও আশ্চর্য রকম সফল। বড় আসরে সত্যিকারের বড় দলের প্রতীক জার্মানি।

স্নাইডার
স্নাইডার

গোল
স্নাইডারের। মেক্সিকোর বিপক্ষে হল্যান্ড তারকার ওই গোলটি শুধুই একটা গোল নয়। তার চেয়েও বেশি কিছু। হল্যান্ডের বিশ্বকাপ শেষ হতে যাচ্ছে, দ্বিতীয় রাউন্ডে দল পিছিয়ে এক গোলে, ৮৮ মিনিটে স্নাইডার দুর্দান্ত এক শটে ১-১ করে হল্যান্ডকে ম্যাচে ফেরান অবিশ্বাস্যভাবে। টেকনিক্যালি এটি উঁচুমানের গোল, একই সঙ্গে এটির গুরুত্বও অনেক।

খেলোয়াড়

মেসি
মেসি


মেসি। খুব দুর্ধর্ষ কিছু খেলছেন না। তবে দলের যা প্রয়োজন, সেটিই করে দিচ্ছেন প্রতি ম্যাচে। চার গোল করেছেন। মেসি অন্য রকম। এই বিশ্বকাপে চোখ কেড়েছেন আরও অনেকেই। তবে সব দিক মিলিয়ে আমার চোখে মেসিই এখন পর্যন্ত ১ নম্বর।

ফ্লপ
স্পেন। গ্রুপের প্রথম দুই ম্যাচ হেরেই বিদায়। বিশ্বকাপের ইতিহাসে আগে এমন হয়নি। চ্যাম্পিয়ন স্পেন এভাবে বিদায় নেবে কল্পনাও করিনি। আগেরবার যাদের মাথায় রাজমুকুট পরিয়েছে বিশ্বকাপ, তাদেরই এবার রিক্ত হাতে ফেরত পাঠিয়েছে!

নেইমার
নেইমার

অঘটন
নেইমারের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া। ব্রাজিল বিশ্বকাপ ভীষণ দুঃখ পেয়েছে অন্যতম বড় তারকাকে হারিয়ে। ঘরের ছেলের বিশ্বকাপ শেষ, এটা মানতে কষ্ট হওয়ারই কথা স্বাগতিকদের।
মুহূর্ত
নির্দিষ্ট কিছু নয়। অনেক মুহূর্তই আছে। ফন পার্সি...মেসির গোল চোখে লেগে আছে। তাই আলাদা করে বলব না কোনটা সেরা। সবই আমার কাছে ভালো লেগেছে।

আবিষ্কার

রদ্রিগেজ
রদ্রিগেজ


হামেস রদ্রিগেজ। দুর্দান্ত ফুটবলার। ছয় গোল করে বিদায় নিলেন বিশ্বকাপ থেকে। কলম্বিয়ার বিশ্বকাপ অভিযাত্রার বড় নায়ক এই তরুণ। কে জানে গোল্ডেন বুটটা তিনিই জেতেন কিনা!
নতুন
গোললাইন প্রযুক্তি ভালো লাগেনি। সবই প্রযুক্তির সহায়তা নিয়ে করা হলে যান্ত্রিক হয়ে যাবে খেলাটা। কুলিং ব্রেক আগে দেখেনি। গরমের জন্য এবার চালু করা হয়েছে। তবে এটা অব্যাহত থাকবে কিনা জানি না।আপত্তি
এমন কিছু চোখে পড়েনি। মাঠে এবং মাঠের বাইরে টুকটাক এটা-সেটা হতেই পারে। তাই কোনো কিছু নিয়ে আপত্তি প্রকাশ করছি না।
ভবিষ্যদ্বাণী
সেমিফাইনালে এগিয়ে রাখছি জার্মানি ও আর্জেন্টিনাকে। ব্রাজিলের সঙ্গে জার্মানি ৬৫, নেইমার–সিলভা না থাকায় ব্রাজিল ৩৫। হল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ৬০, হল্যান্ড ৪০।